নারায়ণগঞ্জে প্রতিবন্ধী কিশোরীকে ‘ধর্ষণ’, যুবক গ্রেপ্তার
নারায়ণগঞ্জের বন্দরে ১২ বছর বয়সী এক মানসিক প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কল্যান্দী এলাকায় এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তার কামাল বেপারী (২৮) বরিশালের আগৈলঝড়া উপজেলার উত্তর সিপাশা এলাকার প্রয়াত সেকেন্দার বেপারী ছেলে। তিনি বন্দর উপজেলার কল্যান্দীতে একটি ভাড়া বাড়িতে থাকেন।
মেয়েটির বাবার উদ্ধৃতি দিয়ে বন্দর থানার ওসি ফখরুদ্দীন ভূইয়া বলেন, মেয়েটির (১২) বাবা রিকশা চালক। দেড় বছর আগে দুই সন্তানের জনক কামাল বেপারী তার মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছে। ওই সময় বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়ভাবে মীমাংশা হয়।
“গত মঙ্গলবার সকালে মেয়েকে বোনের কাছে রেখে রিকশা চালাতে বের হন তিনি। এই সুযোগে কামাল বেপারী তার মেয়েকে স্থানীয় আম বাগানে নিয়ে ধর্ষণ করে।”
ওসি ফখরুদ্দীন আরও জানান, এই ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। এরপরই কামালকে গ্রেপ্তার করা হয়েছে।
