২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনারগাঁয়ের জাহাঙ্গীর হত্যায় ৩ জনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মাছ ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন হত্যা মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2020, 08:55 PM

Updated : 08 Apr 2022, 01:35 AM

একই সঙ্গে এই তিন আসামিকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়, যা অনাদায়ে তাদের প্রত্যেককে আরও ৬ মাস কারাভোগ করতে হবে।

এছাড়া দণ্ডবিধির ২০১ ধারায় তাদের আরও তিন বছরের কারাদণ্ড ও ১০ হাজার জরিমানা অনাদায়ে আরও তিন মাস করে কারাভোগ করতে হবে।

বুধবার নারায়ণগঞ্জের অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন ১১ বছর আগের এই মামলার রায় দেন।

দণ্ডিতরা হলেন মো. সেলিম, হালিম মিয়া ও মো. মিজান। রায় ঘোষণাকালে দুই আসামি উপস্থিত ছিলেন।

অতিরিক্ত প্রাবলিক প্রসিকিউটর জাসমিন আহমেদ জানান, ২০০৯ সালের ২১ এপ্রিল সোনারগাঁয়ের মেঘনা নদীতে থেকে পিরোজপুর গ্রামের যুবক জাহাঙ্গীরের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। এর আগের দিন ভোরে জাহাঙ্গীর বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়েছিলেন।

নিহতের বাবা হযরত আলী বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেছিলেন।

মামলার বরাত দিয়ে এপিপি আরও বলেন, মোবাইল ও পাওনা টাকার জের ধরে তাকে হত্যা করা হয়েছে। আসামি সেলিম ও মিজান আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।