২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে স্কুলছাত্রীকে ‘ধর্ষণ’: এএসআই রাহেনুল রিমান্ডে

রংপুরে স্কুলছাত্রীকে দলবেঁধে ধর্ষণের মামলায় গ্রেপ্তার পুলিশের গোয়েন্দা শাখার এএসআই রাহেনুল ইসলাম ওরফে রাজুকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছে আদালত।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2020, 06:23 PM

Updated : 10 Oct 2022, 07:32 PM

বুধবার রংপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম স্নিগ্ধা রানী চক্রবর্তী এই আদেশ দেন।

আদেশে রাহেনুলের পাঁচ দিন, সুমাইয়া আক্তার মেঘলা ওরফে আলেয়া ও সুরভি আক্তার ওরফে সমাপ্তির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়।

পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা সাইফুল ইসলাম গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় রাহেনুল ও এই দুই নারীকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন জানালে বিচারক বুধবার শুনানির দিন ধার্য করেছিলেন।

রংপুর পিবিআইয়ের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন বলেন, অধিকতর তদন্তের স্বার্থে আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন জানানো হয়। বিচারক এএসআই রাহেনুল ইসলামের পাঁচ দিন এবং দুই নারীর তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।

এই মামলায় গ্রেপ্তার আরও দুই আসামি বাবুল হোসেন (৩৮) ও আবুল কালাম আজাদ গত ২৮ অক্টোবর ধর্ষণের দায় স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছেন। তারা এখন কারাগারে আছেন।

মামলার নথি থেকে জানা যায়, রংপুর মহানগর পুলিশের হারাগাছ থানাধীন ময়নাকুঠি কচুটারি এলাকার নবম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন মহানগর ডিবি পুলিশের এএসআই রাহেনুল ইসলাম। পরিচয়ের সময় রাহেনুল তার ছদ্মনাম রাজু বলে জানান ওই ছাত্রীকে।

প্রেমের সম্পর্কের সূত্র ধরে ওই ছাত্রীকে গত ২৩ অক্টোবর সিগারেট কোম্পানির ক্যাদারের পুল এলাকায় সুমাইয়া আক্তার মেঘলা ওরফে আলেয়ার ভাড়া কার বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। পরে ২৪ অক্টোবর রাতে ভাড়াটিয়া মেঘলা ও তার সহযোগী সুরভি আক্তারের সহায়তায় বাবুল ও কালাম তাকে ধর্ষণ করেন।

এই ঘটনায় ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। পরে ছাত্রীর বাবা বাদী হয়ে রাহেনুল ও মেঘলার নাম ‍উল্লেখসহ অজ্ঞাতনামা লোককে আসামি করে হারাগাছ থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।