রংপুরে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
রংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২ এর মুখ্য বিচারক মো. রোকনুজ্জামান এ রায় দেন।
দণ্ডিত মোসফেকুর রহমান (৩৪) বদরগঞ্জের জামুবাড়ি এন্তপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না।
যাবজ্জীবনের পাশাপাশি জোরপূর্বক গর্ভপাত ঘটানোর দায়ে ১০ বছর সশ্রম কারাদণ্ড এবং ভুক্তভোগীকে এক লাখ টাকা প্রদানের আদেশ দিয়েছেন বিচার বিচারক।
মামলার বিবরণে বলা হয়, এলাকার দশম শ্রেণির (১৬) এক ছাত্রীর সঙ্গে মোসফেকুরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ২০১০ সালের ৫ ফেব্রুয়ারি এবং পরে একাধিকবার মেয়েটিকে ধর্ষণ করে সে।
পরে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে সে মোসফেকুর রহমানকে বিয়ের জন্য চাপ দেয়। কিন্তু মোসফেকুর বিয়েতে অস্বীকৃতি জানায় এবং মেয়েটির গর্ভপাত ঘটায়।
এ ঘটনায় মেয়েটির বড়ভাই বাদী হয়ে ২০১০ সকালে ২২ মে মোসফেকুরকে আসামি করে বদরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
