২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাওনা টাকা নিতে গিয়ে বাবা ‘খুন’, ছেলে আহত

‘পাওনা টাকা আনতে গিয়ে’ যশোর শহরে ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন; আহত হয়েছেন তার ছেলে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2020, 10:42 PM

Updated : 10 Oct 2022, 07:32 PM

মঙ্গলবার বিকালে পুরাতন কসবা ঘোষপাড়ায় এই ঘটনা ঘটেছে।

নিহত আব্দুল কুদ্দুস (৫০) সদর উপজেলার নওদাগা গ্রামের কাঠি খানের ছেলে। তিনি যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক শরিফুল আলম খানের ব্যক্তিগত গাড়িচালক ছিলেন।

আহত বিপ্লব হোসেন (২৬) নিহত আব্দুল কুদ্দুসের বড়ো ছেলে। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের বিছানায় শুয়ে বিপ্লব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শহরের পুরাতন কসবা আমবাগান এলাকার সেলিম ছয় মাস আগে সোনার গহনা বন্ধক রেখে ৪৪ হাজার টাকা নেন তাদের কাছ থেকে। কিন্তু পরে সে গহনাও ফেরত নেননি পাওনা ৪৪ হাজার টাকাও দেননি। টাকা চাইলে বিভিন্নভাবে ঘোরাতে থাকেন।

বিপ্লব বলেন, মঙ্গলবার মোবাইলে ফোন করে সেলিম পাওনা ৪৪ হাজার টাকা নেওয়ার জন্য বিকালে তাকে ঘোষপাড়া মসজিদের কাছে যেতে বলেন। সেই অনুযায়ী তার বাবা আব্দুল কুদ্দুস আগেই সেখানে হাজির হন।  

“বিকাল সাড়ে ৩টার দিকে ঘোষপাড়া মসজিদের কাছে গিয়ে দেখি বাবাকে মারধর করছে সেলিম ও আমবাগান এলাকার সম্রাট।”

Image
নিহত আব্দুল কুদ্দুসের স্ত্রী ও ছোটো ছেলে

নিহত আব্দুল কুদ্দুসের স্ত্রী ও ছোটো ছেলে

বিপ্লব বলেন, তিনি চলন্ত ইজিবাইক থেকে নেমে দৌড়ে বাবাকে রক্ষা করতে ছুটে যান। কিন্তু এরই মধ্যে সম্রাট তার বাবার বুকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন।

“এই সময় সেলিম ও আমবাগান এলাকার পাইপ শফি বাবার দুই হাত ধরে রেখেছিল।”

এরপর বিপ্লব সেখানে পৌঁছলে তাকেও ছুরিকাঘাত করে সম্রাট এবং পরে সেলিম, সম্রাট ও পাইপ শফি সেখান থেকে চলে যান বলে বিপ্লব জানান।

বিপ্লবের স্বজনরা জানান, আশপাশের লোকজন গুরুতর জখম পিতা-পুত্রকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। আব্দুল কুদ্দুসকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। সেখানেই সন্ধ্যা ৭টার দিকে তিনি মারা যান।  

বিপ্লব হোসেনের এক খালা বলেন, “বিপ্লব পাওনা টাকা চাওয়ায় কিছুদিন আগে তাকে ইয়াবা দিয়ে পুলিশে ধরিয়ে দিয়েছিল প্রতিপক্ষের লোকজন। পাঁচ দিন আগে বিপ্লব কারাগার থেকে জামিনে বেরিয়ে এসেছে। এরপর টাকা চাওয়ায় পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়।”

এই ব্যাপারে যশোর পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম বলেন, ছুরিকাঘাতে হতাহতের ঘটনাটি তার জানা নেই।

অপরদিকে কোতয়ালি থানার ওসি মো. মনিরুজ্জামান ও পরিদর্শক (তদন্ত) শেখ তাসমীম আলমকে মোবাইল ফোন করা হলে তারা রিসিভ করেননি।