২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজার ছাত্রলীগের কমিটি ঘোষণায় বিক্ষোভ-অবরোধ

কক্সবাজার জেলা ছাত্রলীগের কেন্দ্র ঘোষিত নতুন কমিটিকে ‘অবৈধ’ ও ‘অগঠনতান্ত্রিক’ দাবি করে বিক্ষোভ ও অবরোধ করেছেন একদল নেতাকর্মী।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2020, 02:08 AM

Updated : 18 Aug 2022, 04:02 PM

একই সঙ্গে তারা আগামী বুধবার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছেন।

সোমবার সন্ধ্যায় সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য স্বাক্ষরিত চিঠিতে নতুন কমিটির নাম প্রকাশ করা হয়। এরপরই একদল নেতাকর্মী বিক্ষুব্ধ হয়ে ওঠেন।

ঘোষিত নতুন কমিটিতে সভাপতি হয়েছেন সাদ্দাম হোসাইন এবং সাধারণ সম্পাদক হন আবু মো. মারুফ আদনান।

সহ-সভাপতি হয়ছেন মো. মইন উদ্দিন, কাইসার উল আলম মুন্না চৌধুরী, বোরহান উদ্দিন রোকন ও নারিমা জাহান, যুগ্ম সাধারণ সম্পাদক হন আনোয়ার হোসেন, শাখাওয়াত হোসেন, সাজ্জাদুল হক ও মো. শওকত হোসেন। সাংগঠনিক সম্পাদক হয়েছেন ওয়াসিফ কবির, কামরুজ্জামান হিরু, এহসানুল হক মিলন ও গাজী নাজমুল হক।

২০১৫ সালের ১০ জানুয়ারি ইশতিয়াক আহমেদ জয়কে সভাপতি এবং ইমরুল রাশেদকে সাধারণ সম্পাদক করে জেলা ছাত্রলীগের কমিটি গঠিত হয়। পরে ইমরুল রাশেদ জালালাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ২০১৭ সালের ১৯ ফেব্রুয়ারি মোরশেদ হোসাইন তানিম ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব নেন।

এদিকে, কেন্দ্রীয় সংসদ নতুন কমিটি ঘোষণার পরপরই জেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি ইশতিয়াক আহমেদ জয় এবং সাধারণ সম্পাদক মোরশেদ হোসাইন তানিম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এক যৌথ বিবৃতি দেন।

বিবৃতিতে তারা জেলা ছাত্রলীগের নতুন ঘোষিত কমিটিকে অবৈধ ও অগঠনতান্ত্রিক বলে দাবি করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, এরপরই শহরের প্রধান সড়কের কয়েকটি স্থানে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন তাদের সমর্থিত নেতাকর্মীরা। এতে আধা-ঘন্টাব্যাপী প্রধান সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। 

এসময় আতংকিত হয়ে প্রধান সড়কের দোকানপাট বন্ধ করে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ পৌঁছে সড়ক অবরোধ তুলে দেয়। এরপর বিক্ষুব্ধ নেতাকর্মীরা প্রধান সড়কে বিক্ষোভ মিছিল শুরু করেন।

এই ব্যাপারে জেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি ইশতিয়াক আহমেদ জয় বলেন, “নতুন ঘোষিত কমিটি সম্পূর্ণ অবৈধ। বৈধ কমিটি বহাল থাকার পরও কেন্দ্রীয় কমিটি অগঠনতান্ত্রিকভাবে নতুন কমিটি ঘোষণা করেছে।”

বর্তমান কমিটির মেয়াদ উত্তীর্ণ হলেও নানাবিধ কারণে জেলা ছাত্রলীগের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠানের প্রস্তুতি থাকা স্বত্তেও সম্ভব হয়নি উল্লেখ ইশতিয়াক বলেন, বর্তমান কমিটির মেয়াদ উত্তীর্ণ হবার পর বিগত ২০১৭ সালে প্রথমবার সম্মেলনের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু রোহিঙ্গা সংকটের কারণে জেলা ছাত্রলীগের মানবিক তৎপরতায় তা সম্ভব হয়নি। এরপর গত ২০১৮ সালে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় এবং ২০১৯ সালে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নতুন নেতৃত্ব নির্বাচন পরিস্থিতির কারণে জেলা কমিটির সম্মেলন অনুষ্ঠান করা সম্ভব হয়ে উঠেনি। পাশাপাশি চলতি বছরের মার্চ মাস থেকে করোনাভাইরাস মহামারীর কারণে জাতীয় ও আন্তর্জাতিক সংকটও সম্মেলন করতে না পারার অন্যতম কারণ।

এই পরিস্থিতিতে বর্তমান কমিটি বহাল থাকার পরও জেলা কমিটির নেতাদের সঙ্গে কোনো যোগাযোগ ও সমন্বয় না করে নতুন কমিটি ঘোষণা সম্পূর্ণ অবৈধ এবং অগঠনতান্ত্রিক বলে মন্তব্য করেন ইশতিয়াক আহমেদ জয়।

এদিকে, জেলা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক ও ঘোষিত নতুন কমিটির ১ নম্বর সহ-সভাপতি মো. মইন উদ্দিনও ঘোষিত নতুন কমিটি অবৈধ ও অগঠনতান্ত্রিক বলে দাবি করেছেন।

‘অবৈধ ও অগঠনতান্ত্রিক’ নতুন এই কমিটি জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা মেনে নেবেন না বলে তিনি মন্তব্য করেন।

ঘোষিত নতুন কমিটিকে ‘অগঠনতান্ত্রিক’ ও ‘পকেট’ কমিটি অভিযোগ করে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ ইবনে হোসাইন বলেন, কেন্দ্রীয় সংসদের নেতারা অগঠনতান্ত্রিকভাবে নতুন কমিটি ঘোষণা করেছেন। অবৈধ এই কমিটিতে বিতর্কিত ও অছাত্রদের স্থান দেওয়া হয়েছে।

বিক্ষুব্ধদের সংবাদ সম্মেলন

সোমবার রাত সাড়ে ১০টায় শহরের লালদীঘির পাড়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন জেলা ছাত্রলীগের বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ ইবনে হোসাইন।

এখান থেকে নতুন কমিটির নেতাদের অবাঞ্চিত ঘোষণা এবং অবৈধ কমিটি বাতিলের দাবিতে বুধবার কক্সবাজার জেলাব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ঘোষণা দেওয়া হয়েছে।