২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমার সীমান্ত এলাকা থেকে ৪৭১ ভরি স্বর্ণসহ রোহিঙ্গা আটক

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী সীমান্ত থেকে ৪৭১ ভরি ওজনের স্বর্ণসহ এক রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2020, 07:04 PM

Updated : 10 Oct 2022, 07:32 PM

সোমবার সকালে নির্মাণাধীন এশিয়ান হাইওয়ে রোডের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের কুড়ারপাড়া ব্রিজ সীমান্ত এলাকায় এ অভিযান চালানো হয়ে বলে জানান বিজিবির ৩৪ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ।

আটক মোহাম্মদ কলিম (২১) উখিয়ার বালুখালী ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-বি/৪৭ এর বাসিন্দা কবির আহম্মেদের ছেলে।

লে. কর্নেল আলী হায়দার বলেন, সোমবার সকালে উখিয়ার পালংখালী সীমান্ত দিয়ে কতিপয় চোরাকারবারী বিপুল পরিমাণ স্বর্ণের চালান নিয়ে আসার খবরে বিজিবির ঘুমধুম ফাঁড়ির একটি দল অবস্থান নেয়।

এক পর্যায়ে কুতুপালংয়ের দিকে সন্দেহজনক এক লোককে হেঁটে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেয়। এতে লোকটি দৌঁড়ে পালানোর চেষ্টা করলে বিজিবির সদস্যরা ধাওয়া দিয়ে আটক করে।

“লোকটির শরীর তল্লাশি করে পরনের লুঙ্গির কোমরের ভাঁজে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩১টি স্বর্ণের বার এবং কিছু স্বর্ণালঙ্কার পাওয়া যায়। যার ওজন ৪৭১ ভরি ৯ আনা। এসব স্বর্ণের আনুমানিক মূল্য তিন কোটি ১৫ লাখ ৩৫ হাজার ৮৬৯ টাকা। ”

বিজিবি জানিয়েছে, রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত একটি চক্রের সদস্যরা সক্রিয় রয়েছে। চক্রটির সদস্যরা সম্প্রতি সীমান্ত দিয়ে স্বর্ণপাচারে সক্রিয় হয়ে উঠেছে।

উদ্ধার হওয়া সোনা কক্সবাজার ট্রেজারি কার্যালয়ে জমা দিয়ে আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলেন তিনি।