২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে সবজি বিক্রেতাকে ‘দলবেঁধে ধর্ষণ’, গ্রেপ্তার ৩

রাজশাহীর গোদাগাড়ীতে এক নারী সবজি বিক্রেতাকে ‘দলবেঁধে’ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2020, 06:13 PM

Updated : 18 Aug 2022, 04:01 PM

শনিবার রাতে উপজেলার দেওপাড়া ইউনিয়নের ধামিলা লাড্ডুর মোড়ে ৪০ বছর বয়সী এই নারী ধর্ষণের শিকার হন বলে মামলায়  অভিযোগ করা হয়।

গ্রেপ্তাররা হলেন রাজশাহীর পবা উপজেলার দামকুড়া থানার বিনদারামপুর গ্রামের মোকসেদ আলীর ছেলে শুকুর (৪০), গোদাগাড়ীর ধামিলা গ্রামের সাইফুল ইসলামের ছেলে রনি (৩০) এবং প্রয়াত আবু জাকিরের ছেলে বাবু (৪৫)।

মামলার বরাতে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার ওসি এসএম মাসুদ পারভেজ জানান, ওই নারী রাজশাহীর তানোর উপজেলার বাসিন্দা। তিনি মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকায় ভাড়া থাকেন এবং সবজি বিক্রি করে সংসার চালান।

তিনি জানান, পাওনা টাকার জন্য আসামিরা এই নারীকে দেওপাড়া ইউনিয়নের ধামিলা লাড্ডুর মোড়ে ডেকে নিয়ে যায়। এরপর সেখানে আমবাগানে নেয় তাকে ধর্ষণ করে তারা।

ওসি মাসুদ পারভেজ জানান, ওই নারী কাশিয়াডাঙ্গা থানায় এসে অভিযোগ করলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে একজনকে গ্রেপ্তার করা হয়। পরে দামকুড়া থানা ও গোদাগাড়ী মডেল থানাসহ তিন থানা মিলে যৌথ অভিযান চালিয়ে অপর দুইজনকে গ্রেপ্তার করা হয়। রাতে তিনজনকেই গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

গোদাগাড়ী থানার ওসি খাইরুল ইসলাম বলেন, ধর্ষণের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ওই তরুণী নিজে বাদী হয়ে মামলা দায়ের করেছেন। দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ওই নারীর ডাক্তারী পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।