২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে কলেজছাত্রীকে ‘দলবেঁধে ধর্ষণ’, গ্রেপ্তার ২

গাজীপুর নগরীতে কলেজছাত্রীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2020, 05:24 PM

Updated : 08 Apr 2022, 01:29 AM

বৃহস্পতিবার রাতেই ওই কলেজছাত্রী বাদী হয়ে গাজীপুর মহানগরের সদর থানায় একটি মামলা দায়ের করেন। রাতেই অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজারের আবুল কালামের ছেলে মাসুদ রানা (২৫) ও ময়মনসিংহের কোতোয়ালি থানার গলগণ্ডা গ্রামের নূরুল ইসলামের ছেলে মো. আনন্দ (২২)। তারা দুজনই গাজীপুর নগরীর চতর এলাকায় থাকেন।

মামলার বরাত দিয়ে গাজীপুর নগর পুলিশের সদর থানার ওসি আলমগীর ভূইয়া বলেন, নাঈম নামে এক যুবক ও ওই কলেজছাত্রী (১৮) গাজীপুর শহরে সেন্ট্রাল কলেজে লেখাপড়া করেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নাঈম মেয়েটিকে ফোন করে শিমুলতলী বটতলায় ডেকে নেন। সেখানে আগে থেকেই নাঈম ও তার সহযোগী আনন্দ ও মাসুদ রানা অপেক্ষা করছিলেন। কিছুক্ষণ পর আনন্দ ও মাসুদ রানা চলে যান। এরপর নাঈম ওই কলেজছাত্রীকে একটি অটোরিকশায় তুলে শিমুলতলী স্কুল গেট এলাকায় যান।

মামলায় অভিযোগ করা হয়, সেখানে পৌঁছালে ওই কলেজছাত্রীর সন্দেহ হলে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় নাঈম ও তার সহযোগী আনন্দ ও মাসুদ রানা তাকে ভয়-ভীতি দেখিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়।

এ সময় কলেজছাত্রীর চিৎকার শুনে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতলে ভর্তি করেন বলে মামলায় বলা হয়।

ওসি জানান, রাতেই এই ঘটনায় কলেজছাত্রী বাদী হয়ে গাজীপুর নগরীর সদর থানায় তিন জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে আনন্দ ও মাসুদ রানাকে গ্রেপ্তার করেন। প্রধান আসামি নাঈম পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তার করতে পুলিশি অভিযান অব্যাহত আছে।