২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেমিকার কাছে নিজেকে এএসপি প্রমাণ করতে গিয়ে আটক

গাজীপুরের শ্রীপুর উপজেলায় প্রেমিকার কাছে নিজেকে জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার প্রমাণ করতে গিয়ে এক ব্যক্তি আটক হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2020, 10:11 PM

Updated : 18 Aug 2022, 03:54 PM

মাওনা চৌরাস্তা হাইওয়ে পুলিশ বক্স থেকে বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে তাকে আটক করা হয় বলে মাওনা হাইওয়ে থানার ওসি এআরএম আল মামুন জানান।

আটক মো. কাউসার (২৮) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজিদপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে।

কাউসারকে জিজ্ঞাসাবাদের তথ্য দিয়ে ওসি মামুন বলেন, “কাউসার নিজেকে জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার পরিচয় দিয়ে এক তরুণীর সঙ্গে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে নিজেকে জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার প্রমাণের জন্য মাওনা এলাকায় পুলিশ বক্সে যান তরুণীকে সঙ্গে নিয়ে।

ওসি বলেন, কাউসারের কথাবার্তা সন্দেহজনক হলে জিজ্ঞাসাবাদে প্রকৃত পরিচয় মেলে। প্রতারণা ধরা পড়ার সঙ্গে সঙ্গে তার সঙ্গী তরুণী কৌশলে কেটে পড়েন। কাউসারের বিরুদ্ধে ব্রাক্ষ্মণবাড়িয়া থানায় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে মামলা রয়েছে। তাকে শ্রীপুর থানায় দেওয়া হয়েছে। শ্রীপুর থানায় তার বিরুদ্ধে প্রতারণার মামলা হয়েছে।