২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে জুতার কারখানায় আগুন, নারী শ্রমিক নিহত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় জুতার কারখানায় আগুন লেগে এক নারী শ্রমিক নিহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2020, 03:41 PM

Updated : 08 Apr 2022, 01:28 AM

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের গুদাম পরিদর্শক মো. কবিরুল ইসলাম জানান, উপজেলার উলুসারা এলাকায় এফবি ফুটওয়্যার নামে একটি কারখানায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

নিহত গোলাপী বেগম (৩৩) ওই কারখানার সোল হেল্পার ছিলেন। কুড়িগ্রামের চিলমারী উপজেলার বারাবাড়ির হাট সরদারপাড়া এলাকার আইনুল হোসেনের স্ত্রী তিনি। তার বাবার নাম মো. গুলজার হোসেন।

রোববার সকালে কারখানার টয়লেটের ভেতর থেকে ফায়ার সার্ভিস কর্মীরা তার লাশ উদ্ধার করেন।

গুদাম পরিদর্শক কবিরুল বলেন, শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে কারখানাটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট গিয়ে প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে রোববার বেলা ২টা পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হয়।

কবিরুল বলেন, “একতালা টিনশেড কারখানায় প্লাস্টিক দানা থেকে জুতার সোল তৈরি করা হয়। কারখানার ভেতরে একপাশে রাসয়নিক পদার্থ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই পদার্থ থেকেই আগুনের সূত্রপাত হয়।”

তিনি বলেন, আগুন লাগলে শ্রমিকরা দৌড়ে বেরিয়ে যান। রোববার সকালে ফায়ার সার্ভিস কর্মীরা কারখানার ভেতরে ডাম্পিং করতে গিয়ে ওয়াশরুমে গোলাপির লাশ পান।

“তবে তার দেহে আগুনে পুড়ে যাওয়ার কোনো আলামত নেই। হয়ত বিষাক্ত ধোঁয়ায় দম বন্ধ হয়ে তিনি মারা গেছেন।”

লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতারে মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান। 

আগুনে কারখানার ক্ষয়ক্ষতির পরিমাণ বলতে পারেননি তিনি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকার উপ-পরিচালক দোবাশীস বর্ধন বলেন, “কারখানার ভেতরে থার্মোপ্লাস্টিক দানা ও অ্যাডহেসিভ সিল। সেগুলো পুড়ে বিষাক্ত গ্যাস তৈরি হয়েছে। ভয়ে আত্মরক্ষার জন্য হয়ত ওই নারী টয়লেটে অবস্থান নিয়েছিলেন। কিন্তু আগুনের তীব্রতায় তিনি আর বের হতে পারেননি। পরে গ্যাসের কারণে হয়ত তিনি মারা গেছেন।”

এ ঘটনায় আরও কেউ আহত হয়েছে কিনা সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।

আগুনে কারখানার ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তিনি বলেন, “অ্যাডহেসিভ, প্লাস্টিক দানা, জুতার ফর্মা, তৈরি সোলসহ বিভিন্ন মালপত্র পুড়ে গেছে।”

এ ব্যাপারে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কারখানা কর্তৃপক্ষের বক্তব্য জানতে পারেনি।