২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে ভাষা সৈনিক শামসুল হুদার দাফন সম্পন্ন

কিশোরগঞ্জে সাবেক অধ্যক্ষ ভাষা সৈনিক আ ফ ম শামসুল হুদার দাফন সম্পন্ন হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2020, 10:13 PM

Updated : 18 Aug 2022, 03:50 PM

মঙ্গলবার এশার নামাজের পর করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের নানশ্রী বাজার ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে বিকালে আসর নামাজের পর জেলা শহরের শহীদী মসজিদ প্রাঙ্গনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

প্রয়াত ভাষা সৈনিক শামসুল হুদা সরকারি গুরুদয়াল কলেজের সাবেক অধ্যক্ষ।

শামসুল হুদার জ্যেষ্ঠ ছেলে কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি জালাল মোহাম্মদ গাউস জানান, তার বাবা মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় করিমগঞ্জ রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতায় গত ২৬ সেপ্টেম্বর তাকে এ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

১৯২৯ সালে জন্ম শামসুল হুদার মৃত্যুকালে বয়স হয়েছিল ৯১ বছর।

১৯৫২ সালে তিনি গুরুদয়াল সরকারি কলেজের তৎকালীন ছাত্র সংসদের এজিএস থাকাবস্থায় ভাষা আন্দোলনে অংশ নেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাবস্থায় পাকিস্তান সরকার বিরোধী বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ছিলেন তিনি। সে সময় লাঠিচার্জসহ বিভিন্ন সময় পুলিশের নির্যাতনের শিকার হন তৎকালীর এই ছাত্রনেতা।

১৯৫৫ সালে শ্রীকাইল কলেজে দর্শনশাস্ত্রের প্রভাষক হিসেবে তার শিক্ষকতার জীবন শুরু হয়। পরের বছর কিশোরগঞ্জ গুরুদয়াল কলেজে যোগদান করেন। এরপর সেখানে টানা ৩৪ বছর শিক্ষকতা শেষে অবসরে যাওয়ার আগে অধ্যক্ষের দায়িত্বও পালন করেন। গুরুদয়াল কলেজের ছাত্র হিসেবে তিনিই প্রথম ওই কলেজের অধ্যক্ষ হন।

শামসুল হুদা স্ত্রী, চার ছেলে, এক মেয়েসহ নাতি-নাতনি রেখে গেছেন।