বরগুনায় যুবকের মরদেহ উদ্ধার
বরগুনায় ‘নিখোঁজের ২২ ঘণ্টা পর’ গাছের সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর তক্তাবুনিয়া গ্রাম থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নুর জামাল মোল্লা (৩৫) ওই গ্রামের আলতাফ হোসেন মোল্লার ছেলে।
আমতলী থানার ওসি মো. শাহ আলম হাওলাদার বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান তিনি।
এদিকে, নিহতের স্ত্রী লাইলি বেগমের দাবি জামালকে দুর্বৃত্তরা হত্যা করে গলায় ফাঁস দিয়ে লাশ ঝুলিয়ে রেখেছে।
তিনি বলেন, “আমার স্বামী বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। বিভিন্ন স্থানে খুঁজেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
“শুক্রবার সকালে আমি পুকুরে ঘাটে হাত-মুখ ধুতে গিয়ে গাছের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ দেখতে পাই। তার পরনের কাপড় রক্তে ভেজা ছিল।”
নুর জামাল দীর্ঘদিন ধরে রূপক নামের একটি বে-সরকারি সংস্থায় চাকরি করতেন। এক বছর আগে সেই চাকরি ছেড়ে বাড়িতে সাংসারিক কাজ শুরু করেন।
আমতলীর এএসপি (সার্কেল) সৈয়দ মো. রবিউল ইসলাম, আমতলী থানার ওসি মো. শাহ আলম হাওলাদার ও পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
