শেরপুরে অপহরণ করে ধর্ষণের দায়ে একজনকে ৪৪ বছরের সাজা
শেরপুরের নকলা উপজেলায় স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণের দায়ে একজনকে ৪৪ বছরের সাজা দিয়েছে আদালত।
শেরপুরের শিশু আদালতের বিচারক মো. আক্তারজ্জামান বুধবার এ রায় ঘোষণা করেন।
প্রতীকী ছবি
সাজাপ্রাপ্ত রানা মিয়া (২১) নকলা উপজেলার পাঠাকাটা পূর্ব গ্রামের রইস উদ্দিনের ছেলে। রানা জামিন নিয়ে পলাতক রয়েছেন।
শেরপুরের শিশু আদালতের পিপি গোলাম কিবরিয়া বুলু মামলার নথির বরাতে জানান, নকলার পাঠাকাটা স্কুলের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে স্কুলে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করতেন রানা মিয়া। ২০১৬ সালের ৭ ফেব্রুয়ারি বিকেল ৪টার দিকে ওই ছাত্রী স্কুল থেকে বাড়ি ফেরার পথে রানা তাকে অপহরণ করে অটোরিকশায় করে পালিয়ে যান। এ ঘটনায় তার চাচা বাদী হয়ে নকলা থানায় মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে রানাকে গ্রেপ্তার করে। অপহৃত ছাত্রীকে উদ্ধারও করে পুলিশ।
পিপি বলেন, পুলিশ ওই বছরের ২৫ এপ্রিল আদালতে অভিযোগপত্র দেয়। সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত রানাকে ধর্ষণ ও অপহরণের দায়ে দুটি পৃথক ধারায় ৪৪ বছরের কারাদণ্ড দেয়।
রানা বিচার চলাকালে জামিনে বের হয়ে পলাতক রয়েছেন বলে জানান তিনি।
