ধামরাইয়ে `স্ত্রীকে হত্যা করে আত্নহত্যা’ স্বামীর
ঢাকার ধামরাই উপজেলায় বাড়ি থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে; যেখানে ‘পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যা পর স্বামী বিষপানে আত্নহত্যা করেছেন’ বলে পুলিশের ধারণা।
ধামরাই থানার এসআই খায়ের জানান, খবর পেয়ে বৃহস্পতিবার সকালে উপজেলার নান্না ইউনিয়নের গোপালপুর সিলেটপাড়া গ্রাম থেকে তারা তাদের মরদেহ উদ্ধার করেন।
তারা হলেন- ওই গ্রামের মুনছের আলীর ছেলে জুয়েল (২২) ও তার স্ত্রী মুনমুন (১৮)। মুনমুন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার হাটুভাঙ্গা গ্রামের মেয়ে।
এলাকাবাসী জানান, সকালে তাদের সাড়া না পেয়ে স্থানীয়রা ঘরে দরজা ভেঙে মরদেহ খাটের উপর দেখতে পান।
এসআই খায়ের বলেন, “মুনমুনের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মুনমুনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আর জুয়েল বিষপানে আত্মহত্যা করেছেন। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে।”
