২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে সকালে ছাত্রদলের কমিটি গঠন, রাতেই স্থগিত

নাটোরের সিংড়া উপজেলার ১২টি ইউনিয়নে ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠনের দিনই সেগুলো স্থগিত করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2020, 08:32 PM

Updated : 18 Aug 2022, 03:43 PM

গত বৃহস্পতিবার সকালে নাটোরের সিংড়া উপজেলার ১২টি ইউনিয়নে ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সেদিন রাতেই ছাত্রদলের জেলা কমিটি ওই কমিটিগুলো স্থগিত করে দেয় বলে জেলা ছাত্রদলের সভাপতি মো.কামরুল ইসলাম জানিয়েছেন।

শুক্রবার জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম বলেন, সিংড়ার ছাত্রদলের নেতারা সেখানকার বিএনপি নেতাদের সাথে সমন্বয় না করে কয়েকজন বিবাহিতদের নিয়ে ১২টি ইউনিয়নে বিতর্কিত কমিটি গঠন করেছেন।

বৃহস্পতিবার সকালে গঠন করা ওই কমিটি সম্পর্কে জানার পর জেলা কমিটির নেতারা জরুরিভিত্তিতে আলোচনায় বসেন। আলোচনায় ওইসব কমিটি স্থগিত করার সিদ্ধান্ত হয় বলেন তিনি।

তিনি আরো জানান, সিদ্ধান্ত অনুযায়ী তিনি ও সাধারণ সম্পাদক মারুফ ইসলাম স্বাক্ষর করে এ সংক্রান্ত চিঠি সিংড়া উপজেলা ছাত্রদলের কাছে পাঠিয়েছেন।

“বিতর্কিত কমিটি গঠনের ব্যাপারে জেলা কমিটি সাত দিনের মধ্যে সিংড়া উপজেলা কমিটির কাছে ব্যাখ্যাও চাওয়া হয়েছে।”

এদিকে, সিংড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির আহ্বায়ক শাহাদৎ হোসেন কমিটি স্থগিতের সিদ্ধান্ত স্বীকার করতে নারাজ।

তবে কারণ দর্শাতে বলার কথা স্বীকার করে তিনি বলেন, “সাত দিনের মধ্যে জেলা ছাত্রদলের কাছে কারণ দর্শানো হবে।”