‘মামলা না নেওয়ায়’ কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ এক হত্যা মামলা নেয়নি অভিযোগ তুলে কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সদর উপজেলার বুধল ইউনিয়নের নন্দনপুর এলাকায় প্রায় ঘণ্টাব্যাপী অবরোধে মহাসড়কের দুইপাশে যানজট সৃষ্টি হয়।
পরে সদর থানার ওসি আবদুর রহিম ঘটনাস্থলে গিয়ে মামলা রেকর্ড করার কথা বললে বিক্ষুব্ধরা অবরোধ তুলে নেন।
গত সোমবার সদর উপজেলার বিশ্বরোড মোড়ে স্থানীয় খাঁটিহাতা গ্রামের ফল বিক্রেতা জাকিরের ছরিকাঘাতে পাশ্ববর্তী নন্দনপুর গ্রামের সোবহান মিয়ার ছেলে তারেক মিয়া (১৫) নিহত হন। এ ঘটনায় থানায় হত্যা মামলা করতে চাইলে পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ করেন তারেকের পরিবারের লোকজন।
এতে বিক্ষুব্ধ হয়ে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এলাকাবাসী মহাসড়কে মানববন্ধনের জন্য জড়ো হন। এক পর্যায়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন তারা। এতে মহাসড়কের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয়।
বক্তারা বলেন, তুচ্ছ ঘটনায় পরিকল্পিতভাবে তারেককে হত্যা করেছে জাকির ও তার সহযোগীরা। এ ঘটনায় থানায় মামলা নিয়ে গেলে পুলিশ মামলা নিতে অপারগতা প্রকাশ করে।
মামলা নিয়ে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবি জানান বিক্ষুব্ধরা।
স্থানীয়রা জানান, সোমবার বিকালে বিশ্বরোড মোড়ে তারেক ও তার পাশের দোকানের ফল বিক্রেতা জাকির এক ক্রেতাকে ডাকাডাকি করেন। এ নিয়ে তারেক ও জাকিরের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর জেরে জাকির তার সহযোগীদের নিয়ে তারেককে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তারেককে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক মৃত ঘোষণা করেন।
