২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগ নেতার কবজি বিচ্ছিন্ন: গ্রেপ্তার ২

পিরোজপুরে ছাত্রলীগ নেতার কবজি বিচ্ছিন্ন করার মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2020, 05:51 PM

Updated : 18 Aug 2022, 03:40 PM

মঠবাড়িয়া থানার ওসি আ জ ম মাসুদুজ্জামান মিলু জানান, মঙ্গলবার রাতে ঢাকার গুলশান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা হলেন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মাছুয়া গ্রামের মো. আইউব আলী খানের ছেলে সাকিল আহম্মেদ খান সাদি (২৫) ও একই উপজেলার দক্ষিণ মাছুয়া গ্রামের মো. হিরু মল্লিকের ছেলে তানভীর আহম্মেদ (২২)।

গত ১৮ অগাস্ট মঠবাড়িয়া সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র শুভ শীলের (২০) একটি হাতের কবজি ধারালো অস্ত্র দিয়ে কেটে বিচ্ছিন্ন করা হয়।

শুভ মঠবাড়িয়ায় পৌর ছাত্রলীগের ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক। মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ মিঠাখালী এলাকার শ্যামল শীলের ছেলে তিনি।

ঘটনার পরদিন মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মসিউর রহমান ১৮ জনের নামে ও অজ্ঞাত আরও ২০ জনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. শহিদুল ইসলাম বলেন, তথ্যপ্রযুক্তির মাধ্যমে দুই আসামি অবস্থান নিশ্চিত হয় পুলিশ।

“প্রধান আসামি সাদী ও তানভীর ঢাকার গুলশানের একটি অভিজাত বাড়িতে অবস্থান নিয়ে বাড়ির বাইরে থেকে দরজায় তালা দিয়ে আত্মগোপন করে ছিলেন। সেখান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।”

আহত শুভ বলেন, পূর্বশত্রুতার জেরে মঠবাড়িয়ার হাসপাতাল ব্রিজে ১০-১২ জনের একটি দল তার ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপানোর সময় তিনি ঠেকাতে চেষ্টা করেন। এ সময় তার হাত থেকে কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়।

মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তারিকুল ইসলাম জানান, শুভকে হাতের কবজি আলাদা অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুরনো খবর:

‘মোবাইল ফোন নিয়ে বিরোধে’ কোপে কলেজছাত্রের কব্জি ছিন্ন