২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে ‘গাড়ির ধাক্কায়’ বাইক আরোহী নিহত

মুন্সীগঞ্জে ‘গাড়ির ধাক্কায়’ মোটরসাইকেল আরোহী এক ব্যক্তি নিহত হয়েছেন; এছাড়া আহত হয়েছেন তার দুই ভাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2020, 04:02 PM

Updated : 18 Aug 2022, 03:40 PM

শ্রীনগর থানার পরিদর্শক মো. হেলাল উদ্দিন জানান, ষোলঘর ইউনিয়নের কেয়টখালী এলাকায় মঙ্গলবার সকালে ঢাকা-মাওয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আবুল হোসেন (৫৫) শরীয়তপুরের দাঁতপুর ভাসানচর গ্রামের ইউসুফ চৌকিদারের ছেলে।

দুর্ঘটনায় আবুল হোসেনের দুই ভাই আহত হয়েছেন। তারা হলেন- শাহ আলম (৬৫) ও সোহরাব হোসেন (৭০)।

পরিদর্শক হেলাল বলেন, “তিন ভাই ঢাকা থেকে একটা মোটরসাইকেলে করে শরীয়তপুর যাচ্ছিলেন। পথে পেছন থেকে একটি গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তারা সড়কে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই ছোট ভাই আবুল হোসেন নিহত হন।”

দুর্ঘটনায় তার অন্য দুই ভাই আহত হলে তাদের প্রথমে ষোলঘর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকায় পাঠানো হয় বলে জানান পরিদর্শক।

তবে কী ধরনের গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়েছিল সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।