ট্রাক-হিউম্যান হলার সংঘর্ষ, চাপায় নিহত সাইকেল আরোহী
রাজশাহীর পুঠিয়ায় ট্রাক ও হিউম্যান হলারের সংঘর্ষে চাপা পড়ে এক বাইসাইকেল আরোহীর প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫ জন।
শনিবার সকালে উপজেলার গাওপাড়া ঢালান এলাকার ঢাকা-রাজশাহী মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে বলে পবা হাইওয়ে থানার ইনচার্জ লুৎফর রহমান জানান।
আহতদের মধ্যে ৪ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর একজনকে পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
লুৎফর রহমান বলেন, রাজশাহীগামী একটি মালবাহী ট্রাকের সঙ্গে বিপরীতমুখী একটি হিউম্যান হালারের মুখোমুখি সংঘর্ষ হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় বলে জানান তিনি।
