২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ‘ধর্ষণ’, গ্রেপ্তার দুই

হবিগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2020, 07:13 PM

Updated : 08 Apr 2022, 01:13 AM

মঙ্গলবার দুপুরে আজমিরীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বিরাট (ভাটীপাড়া) গ্রামের এ ঘটনায় গ্রেপ্তার দুই যুবককে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

তাদেরকে আগের রাতে উপজেলার শিবপাশা ইউনিয়নে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, ওই গ্রামের মশক আলী মিয়ার ছেলে বাঁধন মিয়া ও আবুল মিয়ার ছেলে মনিরুল।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (আজমিরীগঞ্জ-বানিয়াচং সার্কেল) শেখ মো. সেলিম বলেন, “খবর পেয়ে আমরা ভিকটিমকে উদ্ধার করি এবং সেই সাথে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ধর্ষকদের গ্রেপ্তার করা হয়েছে।”

এ বিষয়ে কিশোরীর মা বাদী হয়ে আজমিরীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা করেছেন জানিয়ে তিনি বলেন, “ধর্ষকদের আদালতের প্রেরণ করা হয়েছে।”

ঘটনার বিবরণে পুলিশ জানায়, গত সোমবার বিকালে বিরাট (ভাটীপাড়া) গ্রামের এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী (১৭) বাড়ির পেছনে গোবর উঠাতে যায়। এ সময় প্রতিবেশী বাঁধন মিয়া ওই কিশোরীকে প্রলোভন দেখিয়ে তার গোয়াল ঘরে নিয়ে মুখে গামছা বেঁধে ধর্ষণ করে। এর পরপরই বাঁধনের বন্ধু ও চাচাত ভাই মনিরুল গোয়াল ঘরে প্রবেশ করে পুনরায় কিশোরীকে ধর্ষণ করে।

পুলিশ আরো জানায়, ফিরতে দেরী দেখে ওই কিশোরীর মা মেয়েকে খুঁজতে গিয়ে মশক আলীর গোয়াল ঘরে গোঙানির শব্দ শুনতে পান। তিনি গোয়াল ঘরে ঢুকে দেখেন-দুই ধর্ষক তাদের পরনের কাপড় পরছে এবং ওই কিশোরী মুখ বাঁধা অবস্থায় পড়ে রয়েছে।

এ সময় দুই যুবক কিশোরীর মায়ের পা ধরে বিষয়টি মীমাংসা চেষ্টা করে। পরে তাদের পরিবারের সদস্যরাও বিষয়টি স্থানীয়ভাবে ধামাচাপা দেওয়ার কৌশল অবলম্বন করে। বিষয়টি আঁচ করতে পেরে ওই কিশোরীর মা থানায় খবর দেন বলে জানায় পুলিশ।

তাৎক্ষণিকভাবে আজমিরীগঞ্জ থানার এসআই জয়ন্ত তালুকদার, এএসআই জাহাঙ্গীরসহ পুলিশের একটি দল ওই গ্রামে অভিযান চালিয়ে কিশোরীটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পরে ভোররাতে আজমিরীগঞ্জ থানার এসআই মফিদুল ও এসআই জয়ন্ত তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি দল পাশের ৫ নম্বর শিবপাশা ইউনিয়নে অভিযান চালিয়ে ওই দুই যুবককে গ্রেপ্তার আজমিরীগঞ্জ থানায় নিয়ে আসে বলে জানায় পুলিশ।