বগুড়ায় ‘১২ কোটি টাকা আত্মসাৎ করে’ যমুনা ব্যাংকের ব্যবস্থাপক গ্রেপ্তার
গ্রাহকের ১২ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে বগুড়ায় যমুনা ব্যাংকের বড়গোলা শাখার ব্যবস্থাপক সওগত আরমান গ্রেপ্তার হয়েছেন।
দুর্নীতি দমন কমিশন বগুড়ার সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান, ২০১৯ থেকে ২০২০ সাল পর্যন্ত ২২ জন গ্রাহকের টাকা নিজের অ্যাকাউন্টে নেওয়ার অভিযোগে তাকে তারা গ্রেপ্তার করেছেন।
আমিনুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অভিযোগ তদন্ত করে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদে ব্যবস্থাপক সওগত আরমান ১২ কোটি ১৬ লাখ টাকা আত্মসাতের কথা স্বীকার করেছেন।”
মঙ্গলবার তাকে ব্যাংক থেকে আটক করার পর বুধবার আমিনুল ইসলাম মামলা দায়ের করেন। মামলার পরে তাকে আদালতে পাঠানো হয়েছেন বলে জানান আমিনুল ইসলাম।
