গাজীপুরে পোশাককর্মী খুন: আদালতে ৩ আসামির জবানবন্দি
গাজীপুরে পোশাক শ্রমিক আশিকুল হক হত্যা মামলায় আদালতে জবানবন্দি দিয়েছে গ্রেপ্তার হওয়া তিন যুবক।
সোমবার গাজীপুর মেট্রোপলিটন আদালতের ক-অঞ্চলের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন আব্দুল মান্নান (২৪)। তিনি গাজীপুরের কাশিমপুরের সারদাগঞ্জের জহিরুল ইসলামের ছেলে।
এর আগে রোববার বরগুনা জেলার বামনা থানার ভোলাঘাটা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে তৌহিদুল ইসলাম রাজু ওরফে বাবু (২৩) এবং গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার ফকিরপাড়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে মুমিনুল ইসলাম ওরফে মমিন (২৭) ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
তারা সবাই নিহত আশিকুলের পূর্বপরিচিত ছিলেন।
গত ২১ জুলাই মধ্যরাতে আশিকুল হক শরীফের (৩১) মুখ ও হাত-পা বাঁধা লাশ গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ মাদ্রাসার পাশের এক বহুতল ভবনের ভাড়া বাসা থেকে উদ্ধার করে পুলিশ। আশিকুল জামালপুরের সরিষাবাড়ী থানার সাতপোয়া গ্রামের আব্দুল হামিদের ছেলে। তিনি ওই বাসায় ভাড়া থেকে স্থানীয় পোশাক কারখানায় চাকরি করতেন।
এ ব্যাপারে নিহতের ভাই আনোয়ারুল হক আজাদ পরদিন বুধবার বিকালে কাশিমপুর থানায় হত্যা মামলা করেন।
নিহতের গলায় শ্বাসরোধ করে হত্যার আলামত ছিল জানিয়ে পিবিআই তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক হাফিজুর রহমান বলেন, এ ঘটনায় গাজীপুরের পিবিআইও ছায়া তদন্ত শুরু করে। পরে এ মামলার তদন্তভার গাজীপুরের পিবিআই’কে দেওয়া হয়।
তিনি জানান, আধুনিক তথ্য প্রযুক্তির সহযোগিতায় এ ঘটনায় সরাসরি জড়িত আসামি তৌহিদুল ইসলাম ও মুমিনুল ইসলামকে ২৫ জুলাই ভোরে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার কানপুর থেকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে নিহত শরীফের বাসা থেকে লুন্ঠিত দুইটি মোবাইল ফোন, পাওয়ারব্যাংক ও ১৪ ইঞ্চি এলইডি টিভি, দুইটি ছোট স্পিকার, একটি হাতঘড়ি, স্কুলব্যাগ ও ট্রাভেল ব্যাগ উদ্ধার করে মামলার আলামত হিসাবে জব্দ করা হয়।
পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী কাশিমপুর থেকে সোমবার সকালে আব্দুল মান্নানকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।
এ ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানায় পুলিশ।
