২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে নিখোঁজের পরদিন স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

পঞ্চগড়ে নিখোঁজের এক দিন পর তৃতীয় শ্রেণি পড়ুয়া ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2020, 10:44 PM

Updated : 18 Aug 2022, 03:31 PM

শুক্রবার সন্ধ্যায় বোদা উপজেলা শহরের সমশেরনগর বেলতলীর পাথরাজ নদীর পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত মাশরাফি ইসলাম অপু (৯) উপজেলা সদরের থানাপাড়া মহল্লার মনিরুল ইসলামের ছেলে। বোদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

নিহতের পরিবারের উদ্ধৃতি দিয়ে বোদা থানার পরিদর্শক (তদন্ত) জানান, বৃহস্পতিবার দুপুর থেকে অপুর খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের পক্ষ থেকে মাইকিং করার পরও তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

শুক্রবার সন্ধ্যায় বেলতলী এলাকায় তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পরিবারের লোকজনকে খবর দেয়। তারা এসে লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ বাড়িতে গিয়ে লাশের সুরতহাল করে।

তিনি জানান, বোদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ছাত্র অপুর মুখ ও নাক দিয়ে রক্ত বের হয়েছে। তবে শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।

খবর পেয়ে নিহতের বাবা ঢাকা থেকে বাড়ি ফিরছেন।