২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে ‘দুই পক্ষের গোলাগুলিতে’ মাদক বিক্রেতা নিহত

ফেনীর ছাগলনাইয়ায় দুই পক্ষের গোলাগুলিতে এক মাদক বিক্রেতা নিহত হওয়ার খবর জানিয়েছে পুলিশ।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2020, 03:52 PM

Updated : 08 Apr 2022, 01:07 AM

শুক্রবার ভোরে উপজেলার শুভপুর ইউনিয়নের জয়পুর গ্রামে গোলাগুলির  ওই ঘটনা ঘটে বলে ছাগলনাইয়া থানার ওসি মেজবাহ উদ্দিন আহমেদ জানান।

নিহত নজরুল ইসলাম নকুল (৩২) উপজেলার শুভপুর ইউনিয়নের জয়পুর গ্রামের শেখ আহম্মদের ছেলে।

নকুলের বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় মাদকদ্রব্য আইনে নয়টি মামলা রয়েছে বলে পুলিশ জানায়।

ছাগলনাইয়া থানার ওসি মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, জয়পুর গ্রামের তাহের আহম্মেদের বাড়ির সামনে স্থানীয় মাদক বিক্রেতা নজরুল ইসলামের লোকজনের সঙ্গে আরিফের দলের লোকজনের গোলাগুলি হয়।

স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নজরুলকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপতালে নিয়ে গেলে সেখানে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে এ পুলিশ কর্মকর্তার ভাষ্য।

এছাড়া ঘটনাস্থল থেকে একটি বন্দুক, তিন রাউন্ড গুলি, দুইটি রামদা, দুইশ ইয়াবা ও ২০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধারের খবরও জানিয়েছে পুলিশ।