গাজীপুরে তুরাগে দুই স্কুলছাত্র নিখোঁজ, একজনের লাশ উদ্ধার
গাজীপুর মহানগরীর কড্ডায় তুরাগ নদে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের মধ্যে একজনের লাশ উদ্ধার করেছে ডুবুাররা।
সোমবার দুপুরে ঘটনাস্থল থেকে পাঁচ ৫-৬ কিলোমিটার দক্ষিণে তুরাগ নদে দুর্জয় সরকারের (১৪) মরদেহ পাওয়া যায়।
তবে নিখোঁজ সতীর্থ সাকিবের (১৩) সন্ধান এখনও পাওয়া যায়নি।
রোববার মহানগরীর কড্ডায় তুরাগ নদে নেমে নিখোঁজ হয়েছিলেন এই স্কুলছাত্র।
মৃত দুর্জয় সরকার গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তাজপুর গ্রামের রবীন্দ্রনাথের ছেলে। নিখোঁজ সাকিব হোসেন জামালপুরের বকশীগঞ্জ উপজেলার খামারগেদরা গ্রামের আবু সাঈদের ছেলে। দুইজনই স্থানীয় নাওজোড় পাথরপাড়ার প্রগতি মডেল স্কুলের ৮ম শ্রেণির ছাত্র।
টঙ্গী ফায়ার স্টেশনের লিডার আশরাফুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানান, টঙ্গী ফায়ার স্টেশনের ডুবুরিরা রোববার বিকাল সাড়ে ৩টা থেকে উদ্ধার কাজ শুরু করেন এবং সন্ধ্যা সাড়ে ৬টায় সেদিনের মতো শেষ করে চলে যান।
“সোমবার সকালে আবার উদ্ধার কাজ শুরু করা হয়। দুপুরে ঘটনাস্থল থেকে ৫-৬ কিলোমিটার দক্ষিণে তুরাগ নদে দূর্জয় সরকারের ভাসমান লাশ পাওয়া যায়।”
রোববার দুপুর ১২টার দিকে গাজীপুর মহানগরের টান কড্ডা ব্রিজের পাশে ওই দুইজনসহ ছয় বন্ধু তুরাগ নদে গোসল করতে নামেন। এক পর্যায়ে স্রোতের টানে ভেসে যেতে থাকলে তারা সাঁতরে কূলে পৌঁছানোর চেষ্টা করেন। চারজন নদের কিনারায় উঠতে পারলেও দুইজন পানিতে তলিয়ে যান।
