করোনাভাইরাস: চাঁপাইনবাবগঞ্জে ২ জনের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চাঁপাইনবাবগঞ্জে দুইজন মারা গেছেন।
জেলার সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী জানান, গত ৯ জুলাই করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দাউদপুরের ৫৩ বছর বয়সী এক ব্যক্তিকে মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ২টার দিকে তিনি মারা যান।
এছাড়া চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের চরমোহনপুর গ্রামের ৬৫ বছর বয়সী এক নারী মারা গেছেন বলে জানান সিভিল সার্জন।
তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জে এই দুইজনের আগে আর কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায়নি।
