২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় এবার ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

পাবনার সুজানগরে এক ইউপি চেয়ারম্যানকে হত্যাচেষ্টার চারদিনের মাথায় এবার ছাত্রলীগ নেতাকে কুপিয়ে গুরুতর জখম করেছে হামলাকারীরা।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2020, 05:47 PM

Updated : 18 Aug 2022, 03:27 PM

বহস্পতিবার রাতে সুজানগর বাজারে উপজেলা চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহিনের ব্যক্তিগত কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।

আহত শামিম হাসান সুজানগর উপজেলার তাঁতিবন্ধ ইউনিয়নের কামারদুলিয়া গ্রামের আব্দুল হাই মৃধার ছেলে। তিনি পাবনা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি।

তাকে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওযা হচ্ছে।  

সুজানগর থানার ওসি বদরুদ্দোজা বলেন, “এ ধরনের ঘটনা আমি শুনেছি। তবে এখনও কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা ছাত্রলীগে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

হাসপাতাল বেডে থাকা শামিম হাসান সাংবাদিকদের বলেন, তিনি সুজানগর উপজেলা ছাত্রলীগের সভাপতি হওয়ার ইচ্ছা পোষণ করায় একটি পক্ষ তার উপর ক্ষিপ্ত হয়। তারা তাকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালায়।

“আমার প্রতিপক্ষের ১০/১২ জন তরুণ চাপাতি ও দেশি অস্ত্রসহ হামলা চালায়। তারা এলোপাথাড়ি কুপিয়ে জখম করার পর আমি অচেতন হয়ে পড়ি।”

তিনি বলেন, স্থানীয় একটি গোষ্ঠী সুজানগরে মাদক ব্যবসা, শালিস বাণিজ্য, অবৈধ বালু ব্যবসা, জমি দখল, নারী কেলেংকারি, ছিনাতাই, সিএনজি অটোরিকশা স্ট্যান্ডে চাঁদাবাজি প্রভৃতি অপকর্ম করে যাচ্ছে।

“এখানে একটি পরিবার আছে যার সদস্যরা কখনও সুজানগরে সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠিত হোক তা চান না। এসব অপকর্মের প্রতিবাদ করার কারণেও তারা আমার উপর ক্ষিপ্ত।”

আহত শামিম হাসানের বাবা আব্দুল হাই মধা বলেন, “আমার ছেলের অবস্থা খুবই খারাপ। শুধু রাজনৈতিক প্রতিহিংসায় আমার ছেলেকে হত্যার চেষ্টা করেছে হামলাকারীরা। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।”

পাবনা জেনারেল হাসপাতালের অর্থোপেডিক সার্জন মেহেদী হাসান রুমী বলেন, আহত শামিম হোসেনের মাথায় ৩২টি সেলাই দেওয়া হয়েছে। তার অবস্থা কিছুটা উন্নতির দিকে।

এ বিষয়ে সুজানগর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহিন বলেন, “এই ঘটনাটি আমি শুনেছি। তবে যারাই কাজটি করেছে তারা খুবই অন্যায় করেছে। তবে আমার কোনো লোক এই ঘটনার সাথে জড়িত নয়।”

এর আগে গত সোমবার সুজানগর উপজেলার আহমেদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল হোসেনের উপর তার কার্যালয়ে হামলা চালানো হয়। গুরুতর অবস্থায় তিনি এখন ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুরনো খবর:

পাবনায় হামলায় ইউপি চেয়ারম্যান গুরুতর আহত, ঢাকা প্রেরণ