কুষ্টিয়ায় করোনাভাইরাসে আরও ৪ জনের মৃত্যু
কুষ্টিয়ায় কোভিড-১৯ সংক্রমণে আরও চার জন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে নিজ নিজ বাড়িতে তাদের মৃত্যু হয় বলে বুধবার সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম জানিয়েছেন।
এদিকে, দুই সপ্তাহ অবরুদ্ধ থাকার পর বুধবার কুষ্টিয়া পৌরসভা ও ভেড়ামারা পৌরসভায় সব ধরনের দোকানপাট ও শপিং মল খুলে দেওয়া হয়েছে।
সিভিল সার্জন জানান, করোনাভাইরাসে মারা গেছেন কুষ্টিয়া পৌরসভার ত্রিমোহনী, কমলাপুর, স্টেডিয়ামপাড়া বা কালীশংকরপুরের বাসিন্দা। জেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে মারা গেলেন ১৯ জন; আর রোগীর সংখ্যা ৮১৫।
জেলা প্রশাসক আসলাম হোসেন জানান, দুই সপ্তাহ ‘লকডাউন’ শেষে বুধবার সকাল ১০টা থেকে কুষ্টিয়া ও ভেড়ামারা পৌরসভায় সব ধরনের দোকানপাট ও শপিং মল খুলে দেওয়া হয়েছে।
মঙ্গলবার রাতে জেলা করোনা প্রতিরোধ কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জেলা প্রশাসক জানান।
