পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু
পিরোজপুরের কাউখালী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী মারা গেছেন; এছাড়া আহত হয়েছে তাদের দুই বছরের নাতি।
প্রতীকী ছবি
বুধবার দুপুরে উপজেলার কাঁঠালিয়া গ্রামে নিজেদের বাড়িতে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন বলে কাউখালী থানার ওসি মো. নজরুল ইসলাম জানিয়েছেন।
আজহারের ছেলে রেজাউল করিম বলেন, বাড়ির একটি ঘরের সামনে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে ছিল। দুপুরের দিকে তার মা রেনু বেগম ওই পথ দিয়ে হাঁটার সময় তারে জড়িয়ে চিৎকার করেন। আজাহার তাকে উদ্ধার করতে গিয়ে তিনিও জড়িয়ে যান। তাদের চিৎকার শুনে দুই বছরের শিশু ইয়াছিন সেখানে গেলে সেও জড়িয়ে যায়।
তাদের উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন বলে জানান রেজাউল। আহত শিশুটি রেজাউলের ছেলে। তাকে ওই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে রেজাউল জানান।
এ ঘটনায় কাউখালী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে বলে ওসি নজরুল ইসলাম জানিয়েছেন।
