গোপালগঞ্জের নির্মাণাধীন সেই স্কুল ভবন পরিত্যক্ত ঘোষণা
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় জে কে এম বি মল্লিক উচ্চ বিদ্যালয়ের নির্মাণাধীন সেই স্কুল ভবন পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
ওই ভবনে ক্লাস পরিচালনা ও অন্যান্য কাজ বন্ধ রাখার জন্য বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ তাসলিমা আলীর স্বাক্ষরিত একটি সাইনবোর্ড টাঙ্গিয়ে দেওয়া হয়।
গত ৭ মে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে ‘গোপালগঞ্জে নির্মাণাধীন স্কুল ভবনের ছাদ দেবে গেছে’ শিরনামে একটি সংবাদ প্রকাশ হয়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে এলে তিনি এ ঘটনার তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন।
তাসলিমা বলেন, গত ১১ জুন তদন্ত কমিটি নির্মাণাধীন স্কুল ভবনটি ঝুঁকিপূর্ন বলে তার কাছে প্রতিবেদন দাখিল করেন। পরে স্কুল ভবনের সব কাজ বন্ধ রাখতে সামনে ওই সাইন বোর্ডটি টাঙ্গিয়ে দেওয়া হয়।
জলিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব মজুমদার বলেন, স্কুলের টাকা লুটপাট করতেই প্রধান শিক্ষক ও কমিটির সদস্যরা স্কুলের ফান্ড থেকে এ ঝুঁকিপূর্ণ ভবন নির্মাণ করেছেন।
