২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাস: দেশে ফিরতে পারলেন না নেপালি শিক্ষার্থী

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় দেশে ফিরতে পারেননি গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক নেপালি শিক্ষার্থী।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2020, 07:58 PM

Updated : 18 Aug 2022, 03:16 PM

দেশে ফেরার জন্য ফ্লাইট ধরতে গত ১৭ জুন ঢাকার স্কয়ার হাসপাতালে নমুনা দেন ওই শিক্ষার্থী। ২০ জুন তার করোনাভাইরাস পজেটিভ আসে। সেদিনই ঢাকা থেকে কাঠমান্ডু ছেড়ে যায় উড়োজাহাজের ওই ফ্লাইট।

এ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান বলেন, সিভিল সার্জনের অফিস থেকে দেওয়া পরামর্শ অনুযায়ী দ্বিতীয় বর্ষের ওই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলে আইসোলেশনে রাখা হয়েছে।

চিকিৎসার সব নির্দেশনা মেনে চলা হচ্ছে, তবে এ শিক্ষার্থীর দেহে করোনাভাইরাসের কোনো উপসর্গ নাই বলে জানান তিনি।

এ বিশ্ববিদ্যালয়ের লাইভস্টক সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের তৃতীয়বর্ষের ছাত্র বিধান ত্রাপদে জানান, গত ২০ জুন বিশেষ ফ্লাইটে ২৮ জন শিক্ষার্থীর নেপাল ফেরার কথা ছিল। সেজন্য দ্বিতীয়বর্ষের সেই শিক্ষার্থী ঢাকার স্কয়ার হাসপাতালে নমুনা দেয়। ২০ তারিখে তার করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হয়। এ কারাণে দেশে ফিরতে পারেনি। তবে আক্রান্ত শিক্ষার্থীর পাঁচজন রুমমেট দেশে ফিরেছে।

“ফোনে চিকিৎসকের পরামর্শে তার চিকিৎসা চলছে। তার শরীরে এখনও করোনার কোনো সিম্পটম নেই।”

এর আগে বিশ্ববিদ্যালয়ের দুইজন প্রশাসনিক কর্মকর্তা এবং পরিবারের সদস্যসহ এক শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। বর্তমানে তারা সুস্থ আছেন।