করোনাভাইরাস: কর্মচারীর উপসর্গ থাকায় অবরুদ্ধ ব্যাংক
দুইজন কর্মচারীর করোনাভাইরাস উপসর্গ দেখা দেওয়ায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় সোনালী ব্যাংকের একটি শাখা অবরুদ্ধ করা হয়েছে।
রোববার বিকালে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম উপজেলার ওসমানপুর শাখা অবরুদ্ধ করেন।
ব্যাংকের এই শাখার ব্যবস্থাপক মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের ব্যাংকের দুই কর্মচারীর করোনাভাইরাস উপসর্গ দেখা দেওয়ায় রোববার বিকালে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার তাদের শাখাটি ‘লকডাউন’ ঘোষণা করেছেন।
ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদা খানম বলেন, “ব্যাংকের শাখাটি ২৫ জুন পর্যন্ত ‘লকডাউন’ ঘোষণা করা হয়েছে। এ সময়ে ব্যাংকের সকল কার্যক্রম বন্ধ থাকবে।”
ইউএনও আরও বলেন, করোনাভাইরাসের উপসর্গ থাকায় ব্যাংকের দুই কর্মচারীসহ ১৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের নমুনা পরীক্ষার ফলাফলের উপর নির্ভর করছে পরবর্তী সিদ্ধান্ত। সেক্ষেত্রে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সোনালী ব্যাংকটি লকডাউনের আওতায় থাকবে।
