২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে পদ্মায় নৌকা ডুবে নিখোঁজ ২

চর থেকে চিনাবাদাম তুলে ফেরার পথে নাটোরে পদ্মা নদীতে নৌকা ডুবে দুই কৃষি শ্রমিক নিখোঁজ হয়েছেন।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2020, 11:36 PM

Updated : 18 Aug 2022, 03:15 PM

রোববার বিকেল ৪টার দিকে লক্ষ্মীপুর বালুঘাটের কাছে এ দুর্ঘটনার পর তাদের উদ্ধারে নামে ফায়ার সার্ভিস।

নিখোঁজরা হলেন উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের আতব্বরের ছেলে সেলিম হোসেন (২৫) ও ছইম উদ্দিনের ছেলে পুকিন আলী (৩৫)।

লালপুর থানার ওসি সেলিম রেজা জানান, নিখোঁজ শ্রমিকরা পদ্মার ওপারের চরে সকাল থেকে বাদাম তোলেন। বিকালে সেখান থেকে খেয়া নৌকায় করে বাড়ি ফিরছিলেন। তাদের বহনকারী নৌকাটি লক্ষ্মীপুর বালুঘাটের কাছাকাছি এলে হঠাৎ ডুবে যায়। অন্য যাত্রীরা সাঁতরে তীরে আসলেও তারা নিখোঁজ হন।

খবর পেয়ে লালপুর ফায়ার সার্ভিসের কর্মীরা সন্ধ্যা ৭টা থেকে উদ্ধার কাজ তৎপরতা শুরু করে। তবে রাত ৯টা অবধি তাদের সন্ধান পাওয়া যায়নি বলে জানান তিনি।

লক্ষ্মীপুর বালুঘাটের বাসিন্দা জিয়াউর রহমান বলেন, নৌকার যাত্রীরা তাড়াহুড়ো করে তীরে ফেরে। সবাই তীরে ওঠার পর দেখা যায় দুইজন তীরে উঠতে পারেনি।

ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রুহুল আমিন জানান, তারা চেষ্টা করছেন নিখোঁজ শ্রমিকদের উদ্ধারের জন্য। তবে পানির গভীরতা বেশি হওয়ায় এবং স্রোত থাকায় অন্ধকারে তাদের সন্ধান পেতে কষ্ট হচ্ছে। রাজশাহী থেকেও একটি ডুবরি দল রওনা হয়েছে।