জয়পুরহাটে যুবককে ‘শ্বাসরোধে’ হত্যা
জয়পুরহাটে নিখোঁজের পরদিন এক যুবকের মরদেহ পাওয়া গেছে; যাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
নিহত সরোয়ার হোসেন (৩০) জেলার কালাই উপজেলার পাইকপাড়া গ্রামের ওসমান আলীর ছেলে।
শনিবার দুপুরে গ্রামের একটি মাঠ থেকে মরদেহ উদ্ধার করা হয় বলে কালাই থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মালেক জানান।
তিনি বলেন, সরোয়ার শুক্রবার সন্ধ্যার পর বাড়ি থেকে বের হন। শনিবার দুপুরে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় ।
“শুক্রবার রাতের কোনো একসময় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
লাশ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কে বা কারা কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা বলতে পারেনি পুলিশ। ঘটনা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন পরিদর্শক আব্দুল মালেক।
