২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে তিস্তার পানি বিপদসীমা ছুঁই ছুঁই

উজানের প্রবল বৃষ্টিপাত ও ঢলের কারণে তিস্তা নদীর পানি বিপদসীমার কাছাকাছি চলে এসেছে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2020, 07:53 PM

Updated : 18 Aug 2022, 03:14 PM

পানি উন্নয়ন বোর্ড ডালিয়া বিভাগের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, শুক্রবার সকাল ৬টা ও ৯টায় তিস্তা ব্যারাজের নীলফামারীর ডালিয়া পয়েন্টে বিপদসীমার [৫২ দশমিক ৬০ মিটার] ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়।

পানি উন্নয়ন বোর্ড নীলফামারীর ডালিয়া বিভাগের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, উজানের ঢল আর ভারি বৃষ্টিপাতে সকাল থেকে নদীর পানি বিপদসীমার ছুঁই ছুঁই করলেও বেলা ১২টার পর থেকে পানি কমতে শুরু করে।

“বিকাল ৩টার দিকে পানি বিপদসীমার ২০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় তিস্তা ব্যারাজের সবকটি জলকপাট খুলে রাখা হয়েছে। বন্যার আশঙ্কায় আমরা সতর্কাবস্থায় আছি।”

তিস্তা নদী সংলগ্ন নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ খাঁন বলেন, গত কয়েক দিনের তুলনায় শুক্রবার ভোরে নদীর পানি বৃদ্ধি পায়। তবে এখনও বিপদসীমা অতিক্রম করেনি।

একই উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়নুল হক বলেন, পানি বৃদ্ধি পাওয়ায় তিস্তা পাড়ের মানুষজন বন্যার আশঙ্কায় সতর্কাবস্থায় রয়েছেন। তবে এখনও বন্যা দেখা দেয়নি।