ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা, এক চালক নিহত
রাজশাহীতে পাথরবোঝাই একটি ট্রাকের পেছনে অপর একটি ট্রাকের ধাক্কার পর এক চালক নিহত হয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে মহানগরীর খড়খড়ি বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে রাজশাহী নগরের চন্দ্রিমা থানার এসআই রবিউল ইসলাম জানান।
নিহত ট্রাক চালক ইসহাক আলী (৪৬) কুষ্টিয়া জেলার সদর থানার মঙ্গলবাড়িয়া গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় হোসেন আলী (২২) নামের ট্রাক চালকের এক সহকারী আহত হয়েছেন। তার বাড়িও একই গ্রামে। হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসআই রবিউল বলেন, পাথর বোঝাই কয়েকটি ট্রাক হিলি থেকে রাজশাহী হয়ে রাজবাড়ী যাচ্ছিল। পথে হঠাৎ সামনের একটি ট্রাক ব্রেক করে; এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে পেছনের একটি ট্রাক গিয়ে সামনে ট্রাকটিকে ধাক্কা দেয়।
“এ ঘটনার পর ইসহাক ও হোসেনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক ইসহাককে মৃত ঘোষণা করেন।”
