বিডিনিউজ টোয়েন্টিফোরের সাবেক কর্মী রাজীবের মৃত্যু
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাবেক কর্মী রাজীব দাস মারা গেছেন।
মঙ্গলবার বেলা পৌনে ১২টায় সিলেটের রাগীব-রাবেয়া হাসপাতালে তার মৃত্যু হয় বলে তার বড় ভাই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাংবাদিক বিশ্বদীপ দাস জানান।
৪৫ বছর বয়সী রাজীব গত কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন। সোমবার তার কয়েকবার বমি হয়।
মঙ্গলবার সকালে অবস্থার অবনতি হলে স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে যান। কিছুক্ষণ পর সেখানেই তার মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের শুরুর দিকে এ প্রতিষ্ঠানে কাজ করেছেন রাজীব।
এর আগে তিনি ইংরেজি দৈনিক ফাইনানশিয়াল এক্সপ্রেস এবং এবি ব্যাংকে কাজ করেছেন বলে জানান বিশ্বদীপ দাস।
সিলেট নগরীর মাছু দিঘির পাড় এলাকার প্রয়াত সাংবাদিক সুধীন্দ্র বিজয় দাস ও বন্দনা দাসের তিন সন্তানের মধ্যে রাজীব দ্বিতীয়। সবার বড়ো বিশ্বদীপ দাস। তাদের একমাত্র বোন অনিন্দিতা দাস পরিবারের সবার ছোটো।
সুধীন্দ্র বিজয় দাস দীর্ঘদিন ইংরেজি দৈনিক দি বাংলাদেশ অবজারভার ও দি ডেইলি স্টারে কাজ করেছেন।
