২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে জ্বর-সর্দি নিয়ে ২ জনের মৃত্যু

পিরোজপুরে কোভিড-১৯ এর উপসর্গ নিয়ে দুইজন মৃত্যু হয়েছে।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2020, 10:15 PM

Updated : 18 Aug 2022, 03:11 PM

রোববার পিরোজপুর সদর হাসপাতাল ও ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় বলে জানান জেলা সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকি।

সদর হাসপাতালে মারা যাওয়া ব্যক্তি (৬০) ইন্দুরকানী উপজেলার ইন্দুরাকানী গ্রামের বাসিন্দা। ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যাওয়া ব্যক্তি (৫০) দক্ষিণ ভান্ডারিয়া গ্রামের বাসিন্দা বলে সিভিল সার্জন জানান।

ডা. হাসনাত আরও জানান, সদর হাসপাতালের আইসোলেশনে মারা যাওয়া ব্যক্তির নমুনা সংগ্রহ করে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফয়সাল আহম্মেদ জানান, সকাল সাড়ে ৯টার দিকে জ্বর ও সর্দি নিয়ে ওই ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।

“করোনাভাইরাস উপসর্গ থাকার কারণে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে বরিশাল নেওয়ার প্রস্তুতিকালে দুপুর ১২টার দিকে মারা যান তিনি।”

মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে ফয়সাল জানান।

মঠবাড়িয়ার থানাপাড়া ‘রেড জোন’

জেলার মঠবাড়িয়া উপজেলার একটি এলাকা ‘রেড জোন’ হিসেবে ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

রোববার বিকালে মঠবাড়িয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের থানাপাড়া এলাকা ‘রেড জোন’ হিসেবে ঘোষণা করেন মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মঠবাড়িয়া করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি উর্মি ভৌমিক।

উর্মি ভৌমিক জানান, ৯ নম্বর ওয়ার্ডের থানাপাড়া এলাকার পাঁচ ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর ওই এলাকা রেড জোন ঘোষণা করা হয়েছে।