করোনাভাইরাস: বেনাপোলে ২ ইমিগ্রেশন পুলিশ আক্রান্ত
যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ২ উপ-পরিদর্শকের শরীরে কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়েছে।
এ নিয়ে দুদিনে ইমিগ্রেশনের তিন উপ-পরিদর্শক করোনাভাইরাসে আক্রান্ত হলেন।
শনিবার দুপুরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারের ল্যাবে পাঠানো নমুনা থেকে এই দুইজনের আক্রান্তের রিপোর্ট পাওয়া গেছে বলে শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী জানান।
আক্রান্তরা বেনাপোল পোর্ট থানার ছোটআঁচড়া গ্রামে ভাড়া বাড়িতে থাকেন।
ওই তিনজনই স্বাস্থ্য বিভাগের পরামর্শে নিজ বাড়িতে আইসোলেশনে অবস্থান করছেন।ওই এলাকা লকডাউন করা হয়েছে বলে জানান ইউসুফ।
এ নিয়ে উপজেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৩ জনে দাঁড়াল। এর মধ্যে ১৪ জন চিকিৎসাধীন রয়েছেন; সুস্থ্ হয়েছেন ৯ জন।
