করোনাভাইরাস: ফেনীর সিভিল সার্জন আক্রান্ত, শনাক্ত ছাড়াল ৪০০
করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় ফেনীর দুটি উপজেলা ‘লকডাউনের’ পর একইদিনে জেলার সিভিল সার্জনের আক্রান্ত হওয়ার খবর এসেছে।
শুক্রবার সিভিল সার্জন মো. সাজ্জাদ হোসেনসহ আরও ৩৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।
ভারপ্রাপ্ত সিভিল সার্জন রুবায়েত বিন করিম জানান, শুক্রবার বিকাল পর্যন্ত জেলায় ৪১১ জন করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৯ জন; সুস্থ হয়েছেন ১০১ জন্।
“নতুন আক্রান্তদের মধ্যে সিভিল সার্জন ছাড়াও চারজন পুলিশ সদস্যও রয়েছেন।”
ভারপ্রাপ্ত সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে ১৪৯টি নমুনা পরীক্ষা হয়েছে। এদের মধ্যে নতুন আক্রান্ত হয়েছে ৩৯ জন। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১০, ছাগলনাইয়ায় ১৮ ও দাগনভুঞায় ১১ জন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগ জানায়, সদর উপজেলায় আক্রান্তদের মধ্যে তিনজন পুলিশ সদস্য। দাগনভূঞা উপজেলায় একজন পুলিশ সদস্য ও দুইজন ব্যাংক কর্মকর্তা রয়েছেন।
সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ও জেলা করোনাভাইরাস নিয়ন্ত্রণ কক্ষের সমন্বয়ক শরফুদ্দিন মাহমুদ জানান, গত ১৬ এপ্রিল ফেনীতে প্রথম এক যুবকের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। পৌনে দুমাসে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ সদস্য, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, ব্যাংকার, প্রকৌশলীসহ ৪১১ জনের পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে।
তিনি আরও জানান, আক্রান্ত আটজন জেলার বাইরে হওয়ায় তাদের অন্যত্র স্থানান্তর করা হয়েছে। বর্তমানে আক্রান্তরা ফেনী জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড ও হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
স্বাস্থ্য বিভাগ জানায়, শুক্রবার পর্যন্ত জেলায় ৩২০৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছেভ এদের মধ্যে ২৪৬২ জনের প্রতিবেদন পেয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এখনও নমুনা প্রতিবেদনের ফল অপেক্ষমান রয়েছে ৭৪৭ জন।
সংক্রমণ বেড়ে যাওয়ায় শুক্রবার সকাল থেকে ছাগলনাইয়া ও দাগনভূইয়া পৌরসভা এলাকা এবং দাগনভূইয়া উপজেলার রাজাপুর, পূর্বচন্দ্রপুর ও ইয়াকুবপুর ইউনিয়ন লকডাউন করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার সকাল থেকে ফেনী শহরের ডাক্তারপাড়া, শান্তি কোম্পানী ও রামপুর এলাকা লকডাউন করা হয়।
