মাদারীপুরে বন্ধুরা ডেকে নেওয়ার পর মিলল তরুণের লাশ
মাদারীপুরে মাছ ধরতে যাওয়ার কথা বলে ‘বন্ধুরা ডেকে নেওয়ার’ চার দিন পর এক তরুণের লাশ পাওয়া গেছে।
রাজৈর থানার ওসি শওকত জাহান জানান, শুক্রবার দুপুরে কদমবাড়ি ইউনিয়নের হিজলবাড়ি এলাকার একটি ডোবা থেকে ধনঞ্জয় বাড়ৈ (২২) নামে এই তরুলের লাশ উদ্ধার করেন তারা।
ধনঞ্জয় ওই ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের ধলু বাড়ৈর ছেলে।
ওসি শওকত এলাকাবাসীর বরাতে বলেন, মঙ্গলবার রাত ৮টার দিকে দুই বন্ধু রবিন (২০) ও সুজন (১৮) হিজলবাড়ির বিলে কোচ দিয়ে কুপিয়ে মাছ ধরার কথা বলে ধনঞ্জয়কে ডেকে নিয়ে যান। এরপর আর বাড়ি ফেরেননি ধনঞ্জয়। শুক্রবার সকালে পরিবারের লোকজন ডোবায় মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
“তা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তবে মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। তদন্ত চলছে।”
ওসি বলেন, ঘটনার পর রবিন ও সুজনকে এ বিষয়ে এলাকাবাসী জিজ্ঞেস করলে তারা কোনো উত্তর দেননি বলে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে। পরে রবিন ও সুজন গা ঢাকা দিয়েছেন। পুলিশ তাদের খুঁজছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
