ফেনীতে ‘গোলাগুলিতে ডাকাত’ নিহত
ফেনীর সোনাগাজীতে দুই দল ডাকাতের গোলাগুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
সোনাগাজী থানার ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, মঙ্গলবার মধ্যরাতে সোনাগাজী ইউনিয়নের নাজিরপুর গ্রামে ‘ডাকাতেদের মধ্যে এই গোলাগুলি’ হয়।
নিহত নিজাম উদ্দিন (৪০)নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার মুছাপুর এলাকার জামাল উদ্দিনের ছেলে।
ওসি সাজেদুল বলেন, “রাত দেড়টার দিকে দুই দল ডাকাতের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল নিয়ে ব্যাপক গোলাগুলি হয়। স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই ডাকাতরা পালিয়ে যায়।
“এ সময় ডাকাত নিজাম উদ্দিনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ। তাকে ফেনী সদর হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও পাঁচটি কার্তুজ উদ্ধার করেছে জানিয়ে তিনি বলেন, নিজাম উদ্দিনের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি ও ডাকাতি প্রস্তুতির সাতটি মামলা রয়েছে। পুলিশ তাকে দীর্ঘদিন ধরে খুঁজছিল।
