করোনাভাইরাস: উত্তরের জেলার সবচেয়ে বেশি সংক্রমণ বগুড়ায়
উত্তরের রাজশাহী ও রংপুর বিভাগের জেলাগুলোর মধ্যে বগুড়ায় করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। রাজশাহী বিভাগে মোট আক্রান্তদের অর্ধেকই বগুড়া জেলার।
ঢাকা থেকে উত্তরাঞ্চলের জেলাগুলোতে বগুড়া হয়ে যেতে হয়। সবচেয়ে বেশি করোনাভাইরাস সংক্রমিত এলাকা ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জসহ বিভিন্ন জায়গা থেকে লোকজন বগুড়ায় আসছে এবং বগুড়ার উপর দিয়ে অন্যান্য জেলায় যাচ্ছে।
দীর্ঘ ছুটির পর পোশাক কারখানাসহ বিভিন্ন কর্মস্থলে উত্তরের লোকজন ফিরছে এই জেলার উপর দিয়ে। অবাধে চলছে গণপরিবহন্।
এখন বগুড়ায় করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা আশংকাজনক হারে বেড়ে যাচ্ছে।
এই জেলায় পরীক্ষার ব্যবস্থা আছে শুধু শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও টিএমএসএস-এ। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে সরকারিভাবে নিখরচায় পরীক্ষা হলেও টিএমএসএসে একটি নমুনায় খরচ পড়ে চার হাজার টাকা। তারপরও পরীক্ষা করে কুলানো যাচ্ছে না।
রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য জানান, রাজশাহী বিভাগে এ পর্যন্ত এক হাজার ৬০১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ৭৯০ জন আক্রান্ত।
“এছাড়া রাজশাহী জেলায় ৭৭ জন, চাঁপাইনবাবগঞ্জে ৫৭ জন, নওগাঁয় ১৫৯ জন, নাটোরে ৬৬ জন, জয়পুরহাটে ২১৪ জন, সিরাজগঞ্জে ১০৮ জন ও পাবনায় ১৩০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।”
রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানবিদ আমিনুল ইসলাম জানান, বিভাগে মোট আক্রান্তের সংখ্যা ১৩৫৮। এরমধ্যে সর্বোচ্চ ৫০১ জন হলো রংপুর জেলায়।
“অবশিষ্ট জেলাগুলোর মধ্যে রয়েছেন পঞ্চগড়ে ৮৭ জন, নীলফামারীতে ১৫৬ জন, লালমনিরহাটে ৪৯ জন, কুড়িগ্রামে ২৬ জন, ঠাকুরগাঁওয়ে ১৪৪ জন, দিনাজপুরে ৩১৫ জন এবং গাইবান্ধায় ৮০ জন।”
বগুড়ার সিভিল সার্জন গাউসুল আজম জানান, রাজশাহী ও রংপুর বিভাগের জেলাগুলির মধ্যে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। প্রথম অবস্থায় ভালো থাকলেও বিভিন্ন জায়গার লোকজনের যাতায়াতের কারণে বগুড়ায় আক্রান্তের সংখ্যা বেড়েছে আশংকাজনক হারে।
“বর্তমান পরিস্থিতি ঝুঁকিপূর্ণ। এখন বগুড়া হলো করোনার হট স্পট।”
তিনি বলেন, সোমবার বগুড়া জেলা প্রশাসকের সঙ্গে সভা হয়েছে। সেখানে করোনাভাইরাসের বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে। মঙ্গলবার আবারও বৈঠক হবে। ওই বৈঠকে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে কী করা যায় তার সিদ্ধান্ত হবে।
বগুড়া করোনাভাইরাস পরিস্থিতিতে ‘রেড’, ‘ইয়োলো’ কিংবা ‘গ্রিন জোন’ কোনটাতে আছে তা এখনও সরকারিভাবে জানা যায়নি বলে তিনি জানান।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান তুহিন বলেন, সরকারিভাবে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে একটি পিসিআর ল্যাব স্থাপন করা হয়েছে। সেখানে প্রতিদিন ১৮৮টি নমুনার বেশী পরীক্ষা করা সম্ভব নয়। কিন্তু নমুনা জমা হচ্ছে অনেক।
“আজ সোমবার সকাল পর্যন্ত বগুড়ায় মোট আক্রান্তের সংখ্যা ৭৯০ এবং সরকারি হিসাবে করোনাভাইরাসে মৃতের সংখ্যা আট। নমুনা পরীক্ষায় জটের কারণে ঢাকায় নমুনা পাঠানো হয়েছিল। ঢাকায় পাঠানো ৫৫০ নমুনার মধ্যে ১০২ জন পজিটিভ, শহীদ জিয়া মেডিকেলে ১৮৮ নমুনার ফলাফলে ৪১ পজিটিভ ও টিএমএসএস-এর ৩৫ নমুনার ফলাফলে ১৮ জন পজিটিভ।”
ডেপুটি সিভিল সার্জন আরও জানান, বগুড়ায় মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় টাকা না নেওয়ার কারণে এখানে বেশি নমুনা জমা হচ্ছে; কিন্তু নমুনা জটের কারণে ফলাফল পেতে সময় লাগছে। যাদের টাকা আছে তারা বেশি টাকায় দ্রুত ফলাফল নেওয়ার জন্য অন্য জায়গায় যাচ্ছে। কিন্তু যাদের টাকা নেই তাদের অপেক্ষা করতে হচ্ছে।
বগুড়া বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস-এর একটি প্রতিষ্ঠান বেসরকারি মেডিকেল কলেজ টিএমএসএস হাসপাতালের প্রধান টেকনিশিয়ান আলী হাসান জানান, ওই হাসপাতালে করোনাভাইরাস নমুনা পরীক্ষায় সাড়ে তিন হাজার টাকা করে নেওয়া হচ্ছে। সঙ্গে সার্ভিস চার্জ হিসেবে আরও ৫০০ টাকাসহ চার হাজার টাকা নেওয়া হয়।
এই বিষয়ে ওই হাসপাতালের যুগ্ম পরিচালক আলমগীর হোসেনের সঙ্গে কথা বলতে মোবাইলে ফোন দিলে তিনি কেটে দেন।
[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন রাজশাহী ও রংপুর প্রতিনিধি]
