২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় মারা যাওয়ার পর ২ জনের করোনাভাইরাস শনাক্ত

মাগুরায় মৃত দুই ব্যক্তিসহ পাঁচ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলার মোট আক্রান্তের সংখ্যা হলো ৪১।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2020, 08:11 PM

Updated : 18 Aug 2022, 03:09 PM

সোমবার নমুনা পরীক্ষার রিপোর্টে তাদের করোনাভাইরাস ধরা পড়ে বলে মাগুরা সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা জানান।  

মৃত দুই জনের বাড়ি শহরের পারনান্দুয়ালীর পূর্ব মুন্সিপাড়া ও শ্রীপুর উপজেলার শ্রীপুর গ্রামে। অপর তিনজনের মধ্যে মাগুরা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্সও রয়েছেন।

সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা জানান, শনিবার সকালে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে শহরের পারনান্দুয়ালীর পুর্ব মুন্সিপাড়ার ৬৫ বছর বয়সী এক ব্যক্তি মাগুরা জেনারেল হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়।

সিভিল সার্জন বলেন, এছাড়া শ্রীপুর উপজেলার শ্রীপুর গ্রামের ২২ বছর বয়সী এক যুবক  গত ২৮ মে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। অবস্থার অবনতি হলে পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রোববার রাতে তার মৃত্যু হয়। “চিকিৎসাধীন অবস্থায় তার করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়। সোমবার সকালে ল্যাব থেকে পাঠানো রিপোর্টে মৃত দুই জনের করোনাভাইরাস পজিটিভ আসে।”

অপর তিনজনের মধ্যে শহরের কাউন্সিল পাড়ায় একজন, পশু হাসপাতাল পাড়ায় একজন ও জেনারেল হাসপাতালের একজন সিনিয়র স্টাফ নার্স রয়েছেন বলে তিনি জানান।

স্বাস্থ্য বিভাগ জানায়, এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪১। ইতিমধ্যে সুস্থ হয়েছেন ১৯ জন। হোম আইসোলেশনে আছেন ১৬ জন। একজন ঢাকায় প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন।