২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাস: ফেনীতে ৩ জন শনাক্ত মৃত্যুর পর

ফেনীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে, যা শনাক্ত হয় তাদের মৃত্যুর পর।

নাজমুল হক শামীম

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2020, 05:20 PM

Updated : 18 Aug 2022, 03:08 PM

সিভিল সার্জন সাজ্জাদ হোসেন জানান, রোববার সকালে নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষাগার থেকে পাঠানো প্রতিবেদনে জেলার ১৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়, যাদের মধ্যে এই তিনজন রয়েছেন।

সিভিল সার্জন জানান, জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে মারা যাওয়া তিন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। এদের মধ্যে সোনাগাজী উপজেলার দুজন ও দাগনভূইয়া উপজেলার একজন রয়েছেন। তাদের একজন বৃদ্ধা, অন্য দুজনের বয়সও ৫০ বছরের কিছু ওপরে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের ভাদাদিয়া গ্রামের বাসিন্দা ৫৫ বছর বয়সী এক ব্যক্তি ৩১ মে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিয়ে আসেন। ওইদিন রাতেই তিনি মারা যান। এছাড়া সোনাগাজীতে মারা যাওয়া অপরজন ব্যক্তির (৫৫) নমুনা সংগ্রহ করা হয় ২ জুন। শনিবার তিনি মারা যান। উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় তাদের দুজনকে নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এদিকে দাগনভূঞায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সত্তরোর্ধ্ব এক বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ জানায়।

দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুবায়েত বিন করিম জানান, এই বৃদ্ধা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দাগনভূঞা উপজেলায় প্রথম মারা গেলেন।  

সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার সরফুদ্দিন আহমেদ জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ফেনীতে ইতোমধ্য সাতজন মারা গেছেন। এদের মধ্যে চারজন সোনাগাজী উপজেলার, একজন করে ফেনী সদর, ছাগলনাইয়া ও দাগনভূইয়া উপজেলার বাসিন্দা। মৃতদের মধ্যে দুই নারী ও পাঁচজন পুরুষ। এদের মধ্যে স্বাস্থ্যকর্মী, মসজিদের ইমাম, ব্যবসায়ী, গৃহিনী ও বৃদ্ধ ছিলেন।

সিভিল সার্জন জানান, ফেনী জেলায় কোভিড-১৯ সংক্রমিত রোগীর সংখ্যা ২৬৪। সুস্থ হয়েছেন ৬৭ জন। অন্যত্র স্থানান্তর করা হয়েছে ৭ জন। ১৩ জন ফেনী জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি আছেন। অন্যরা নিজ বাড়িতে আইসোলেশনে থেকে স্বাস্থ্য বিভাগের অধীনে চিকিৎসা নিচ্ছেন।