২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে জ্বর-শ্বাসকষ্টে দুই জনের মৃত্যু

নোয়াখালী সদর ও বেগমগঞ্জ উপজেলায় জ্বর ও শ্বাসকষ্টে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2020, 06:09 PM

Updated : 18 Aug 2022, 03:04 PM

মঙ্গলবার রাত ও বুধবার ভোরে নিজ নিজ বাড়িতে তারা মারা যান বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, জেলা সদরের মতিপুরের ৪০ বছর বয়সী এই ব্যক্তি গত কয়েকদিন জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। বিষয়টি তারা স্বাস্থ্য বিভাগকে জানাননি।

“মঙ্গলবার মধ্যরাতে নিজ বাড়িতে তার মৃত্যু হয়েছে। তার পরিবারের সদস্যদের করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।”

বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসীম কুমার দাস জানান, জিরতলি ইউনিয়নের বাংলাবাজার এলাকার ৬০ বছর বয়সী এই ব্যক্তি কয়েকদিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। বুধবার ভোরে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

তার পরিবারের সদস্যদের করোনাভাইরাস সংক্রমণ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে বলে তিনি জানান। 

জেলার সিভিল সার্জন মোমিনুর রহমান জানান, নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় ৫৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪২৭। এর মধ্যে মারা গেছে ১০ জন। আক্রান্তদের মধ্যে ২৪ জন মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামের অস্থায়ী কোভিড-১৯ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এছাড়া ৩৫৯ জন নিজ নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। ৩৩ জন সুস্থ হয়েছেন।