রংপুর জেলা প্রশাসনের সাবেক নারী কর্মকর্তা খুন
রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে নগরীর মুলাটোল হকের গলি এলাকার তার বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মিনু বেওয়া (৬৫) জেলা প্রশাসকের কার্যালযয়ে অডিট অফিসার হিসেবে অবসরে যান। তার স্বামীর মৃত্যুর পর পার্শ্ববর্তী এলাকায় একমাত্র মেয়ের বিয়ে দেন। এরপর থেকে ওই বাড়িতে দীর্ঘদিন ধরে একাই বাস করছিলেন তিনি।
মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি আব্দুর রশিদ জানান, মঙ্গলবার সকালে প্রতিদিনের মত গৃহকর্মী বাড়িতে এসে দরজা খোলা অবস্থায় পায়। ভেতরে ওই বৃদ্ধার মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার দেন তিনি। এ সময় প্রতিবেশীরা এসে মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
জিজ্ঞাসাবাদের জন্য ওই গৃহকর্মীকে থানায় নিয়ে আসা হয়েছে বলেও জানান তিনি।
মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ) শহিদুল্লাহ কাওছার বলেন, “প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে সোমবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাকে শ্বাসরোধ করে হত্যার পর পালিয়ে যায়।”
বাড়ির স্টিলের আলমারি খোলা থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, “বৃদ্ধার শরীরে আচড়ের দাগ আছে।”
ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশ পাঠিয়ে দেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে জানা যাবে কিভাবে মারা গেছে বলে জানান তিনি।
