২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড-১৯: ফরিদপুরে ঢাকা ফেরত মুক্তিযোদ্ধার মৃত্যু

কোভিড-১৯ আক্রান্ত হওয়ার পর ফরিদপুরে বোয়ালমারী উপজেলার এক মুক্তিযোদ্ধা মারা গেছেন; যিনি সম্প্রতি ঢাকায় গিয়েছিলেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2020, 04:29 PM

Updated : 10 Oct 2022, 07:11 PM

মঙ্গলবার দুপুরে ৮০ বছর বয়সী এই মুক্তিযোদ্ধা উপজেলার বাগি  চতুল ইউনিয়নের রাজাপুর গ্রামের বাড়িতে মারা যান বলে জেলার সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, রোববার ওই মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর (৭০) কোভিড-১৯ শনাক্ত হয়। তাদের বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছিল। মঙ্গলবার দুপুরে তিনি মারা যান।

সিভিল সার্জন বলেন, এই দম্পতি সম্প্রতি চিকিৎসার জন্য ঢাকার কচুখেতে ছেলের বাসায় গিয়েছিলেন। শনিবার তারা ফিরে আসার পর রোববার পরীক্ষায় দুইজনেরই পজিটিভ আসে।

আছরের নামাজের পর পারিবারিক কবরস্থানে কোভিড-১৯ বিধি মেনে দাফন করা হবে। মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার মো. আলিমুজ্জামান।

জেলার কোভিড-১৯ মহামারী পরিস্থিতি সম্পর্কে সিভিল সার্জন বলেন, গত ২৪ ঘণ্টয় ১৫৩টি নমূনা পরীক্ষা করে নয়জনের পজিটিভ পাওয়া গেছে। তাদের সবার বাড়ি নগরকান্দা উপজেলায়। ফরিদপুরে এ পর্যন্ত ৬৯ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে।  তাদের মধ্যে ১২ জন সুস্থ হয়েছেন।