২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর ঈদ উপহার নিয়ে ফেইসবুকে ‘অপপ্রচার’: যুবক আটক

প্রধানমন্ত্রীর আড়াই হাজার টাকার ঈদ উপহার প্রাপকদের‘ভুয়া তালিকা’ দিয়ে ফেইসবুকে অপপ্রচারের অভিযোগে গাজীপুরে এক যুবককে আটক করেছে র‌্যাব।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2020, 09:46 PM

Updated : 18 Aug 2022, 03:02 PM

সোমবার র‌্যাব-১’র পোড়াবাড়ী স্পেশালাইজ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন এ তথ্য জানিয়েছেন।

আটক মোস্তফা আহম্মেদ ওরফে পলাশ (২৭) গাজীপুর সিটি কর্পোরেশনের পূর্ব চান্দনার আমজাদ হোসেনের ছেলে।

কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, সরকারের দেওয়া আড়াই হাজার টাকা করে ঈদ উপহারের ভুয়া তালিকা তৈরি করে মোস্তফা আহম্মেদ ওরফে পলাশ তার ব্যক্তিগত মোবাইল ফোন ব্যবহার করে ফেইসবুক আইডিতে ৬ মিনিটের লাইভে কথা বলে, যা ছিল সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

“এই তালিকা নিয়ে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন লাইভ ভিডিও প্রচার এবং পোস্ট, শেয়ার এবং বিভিন্ন কমেন্টসের মাধ্যমে গুজব সৃষ্টি করে জনমনে বিভ্রান্তি ও ভীতির পরিবেশ সৃষ্টিসহ সামাজিক অস্থিরতা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করেছে।”

এ ঘটনায় রোববার মধ্যরাতে পলাশকে গাজীপুর মহানগরীর দক্ষিণ ছায়াবিথী এলাকা থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন, ফেইসবুকে করোনাভাইরাস মহামারীতে সরকারের ঈদ উপহারের ভুয়া তালিকা ২৮ পাতার একসেট ফটোকপি উদ্ধার করা হয় বলে জানান তিনি।

র‌্যাবের ওই কর্মকর্তা আরো জানান, তিনি কার পরামর্শে বা কোনো মহলের ইন্ধনে এ কাণ্ড ঘটিয়েছেন তা তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনায় জিএমপির সদর থানায় মামলা করা হয়েছে।